ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব পুরোপুরি কেটে যাওয়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামী দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শীতের অনুভূতি বাড়তে পারে। ডিসেম্বরের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় শীত আরও জেঁকে বসার সম্ভাবনাও রয়েছে।
তবে পুরো মৌসুম বিবেচনায় এবার তুলনামূলক উষ্ণ শীত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সোমবার রাতে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার সারা দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। তার মতে, আগামী দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, এতে শীতের অনুভূতি আরও বাড়বে। ডিসেম্বরের শুরুতে শীত জেঁকে বসতে পারে বলেও জানান তিনি।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। গত ৩০ বছরের গড় তাপমাত্রার তুলনায় এবার রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। একই সাথে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্বও তুলনামূলক কম হতে পারে।
আবহাওয়া অধিদফতরের নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে আট থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।


