...|...|...

চাকরি

এসএসসি পাসেই পুলিশে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ১০:২০
Shares
এসএসসি পাসেই পুলিশে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলার আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। আগামী ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ পুলিশ সদর দফতরের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, টিআরসি পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনকারীদের নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রার্থীর বয়স ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় (ভোকেশনালসহ) কমপক্ষে জিপিএ ২ দশমিক ৫ বা সমমান থাকতে হবে। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে মেধা কোটার পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার শর্ত কিছুটা শিথিল। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে তা স্বাভাবিক অবস্থায় ৩০ ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। নারী-পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ইউজার আইডি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি পরিশোধ করতে হবে। এ জন্য সার্ভিস চার্জ ৬০ টাকা এবং শিক্ষা বোর্ডের ডেটা ভেরিফিকেশন চার্জ ৫ টাকা মিলিয়ে মোট ৬৫ টাকা দিতে হবে।

আবেদন ফরমে নির্ধারিত মাপের স্বাক্ষর ও রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে। আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরবর্তী প্রয়োজনে সংরক্ষণ করতে বলা হয়েছে।

যেভাবে হবে নিয়োগ পরীক্ষা
অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক প্রার্থীকে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট (পিইটি)-এর জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে এ বিষয়ে জানানো হবে।

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি অনুষ্ঠিত হবে নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে। এ পরীক্ষায় দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং থাকবে।

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি-এর পরীক্ষা ১৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চার ধাপে অনুষ্ঠিত হবে। এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২ ডিসেম্বর, ৮ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে।

পিইটি ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ৫৬ টাকা ফি দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষা ৫, ১২, ১৯ ও ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এরপর লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

ছয় মাসের প্রশিক্ষণ
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। প্রশিক্ষণকালে বিনামূল্যে পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী মাসিক প্রশিক্ষণ ভাতাও পাওয়া যাবে।

সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে ২০২৬ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেডে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে বেতন ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত। এর সঙ্গে বিধি অনুযায়ী অন্যান্য বেতন-ভাতাও প্রাপ্য হবে।

নিয়োগপ্রাপ্তরা বিনামূল্যে পোশাক, ঝুঁকি ভাতা ও চিকিৎসাসুবিধা পাবেন। নির্ধারিত শর্তে পরিবারের সদস্যদের জন্য স্বল্পমূল্যে রেশনসুবিধাও থাকবে। এ ছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।

তবে নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। পাশাপাশি যে কোনো জেলা বা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে সংশ্লিষ্ট জেলা বা ইউনিটে যোগদান করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এবং নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে পাওয়া যাবে।