স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর নেতৃত্বের প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহদী আমিন জানান, সরকারের পরিকল্পিত উদ্যোগ, ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন আদায়ের প্রচেষ্টার ফলে এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ অতিরিক্ত তিন বছর সময় পেয়েছে।
তিনি উল্লেখ করেন, আগে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সালের ২৪ নভেম্বর এ উত্তরণ কার্যকর হবে। এতে দেশের অর্থনীতি, শিল্প খাত, আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার জন্য আরও তিন বছর সময় পাওয়া যাবে।
মাহদী আমিন বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এলডিসি উত্তরণের কারণে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবিকায় যেন অপ্রয়োজনীয় চাপ তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত শুধু উত্তরণের সময় বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষা, আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান তুলে ধরা এবং জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে বৈশ্বিক সমর্থন অর্জনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন এটি।


