ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিলেন লামিন ইয়ামাল। ফরাসি তারকার আত্মবিশ্বাসী মন্তব্যের জবাবে বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড মনে করেন, গত মৌসুমে দলীয় সাফল্যের বিচারে মর্যাদাপূর্ণ এই পুরস্কার তারই প্রাপ্য। ফলে ২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে দুই তারকার লড়াইয়ের উত্তাপ আরও বাড়ল।
গোল ডটকমের বরাতে মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী ইয়ামাল বলেছেন, ‘আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। আমি সত্যিই বিশ্বাস করি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুইজনই আছি। আর এই বছর যা যা শিরোপা জিতেছি, সেই বিচারে ব্যালন ডি'অরটা আমারই প্রাপ্য।’
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্যের কারণে ইয়ামালের দাবিটাও যথেষ্ট জোরালো। বার্সেলোনার হয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি স্পেনের জার্সিতে বিশ্বকাপও জিতেছেন তিনি। এসব অর্জনই ব্যালন ডি’অরের অন্যতম বড় দাবিদার হিসেবে তাকে আলোচনায় রেখেছে।
তবে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজের মৌসুমকে ‘অবিশ্বাস্য’ হিসেবে বর্ণনা করলেও ভোটারদের নিজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে চান না বলে জানিয়েছিলেন ইয়ামাল। তারপরও পুরস্কারটি জেতার ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথা স্পষ্ট করেছেন তিনি।
এদিকে ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে নিজের দাবিও জোরালো করেছেন এমবাপ্পে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফ্রান্সের অধিনায়ক। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও দলীয় সাফল্যের জায়গায় কিছুটা পিছিয়ে আছেন তিনি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ বড় কোনো শিরোপা জিততে পারেনি।
ইয়ামাল ও এমবাপ্পের পাশাপাশি ব্যালন ডি’অরের দৌড়ে আরও কয়েকজন তারকার নামও আলোচনায় রয়েছে। গতবারের বিজয়ী উসমান দেম্বেলে মনে করেন, পিএসজির টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কারণে এবারের পুরস্কারও প্যারিসের ক্লাবটির কোনো এক খেলোয়াড়ের হাতে ওঠা উচিত।
এবারের অন্যতম ফেভারিট হিসেবে আছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইনও। সব অপেক্ষার অবসান হবে আগামী ২৬ অক্টোবর। লন্ডনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম।


