...|...|...

রাজধানী

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৮
Shares
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা গ্রেফতার

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ উদ্ধারের ঘটনায় ওবায়দুর রহমান নামের আরও একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার ওবায়দুর নিহত মরিয়মের আপন মামা।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওবায়দুর রহমানকে গ্রেফতারের পর ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত রবিবার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশ সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয়।

পরে নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ওবায়দুর রহমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন।