...|...|...

আইন ও আদালত

এমপি গাজী নজরুলের জামিন আবেদন ফের নামঞ্জুর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৮
Shares
এমপি গাজী নজরুলের জামিন আবেদন ফের নামঞ্জুর

ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন তৃতীয় দফায় নামঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে আসামিপক্ষে জামিন প্রার্থনা করেন আইনজীবী মাহবুবুর রহমান, যার তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।

এর আগে গত ৭ অক্টোবর জামিন শুনানিতে আদালত পর্যবেক্ষণ দেন, আসামি বয়স্ক হলেও ভিকটিম ছিলেন অতি অল্পবয়সী। আসামির হেফাজতে থাকা অবস্থায় ভিকটিম আত্মহত্যা করায় এবং হাজতবাস পর্যাপ্ত না হওয়ায় এ মুহূর্তে জামিন দিলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। ফলে আদালত তার আবেদন নাকচ করেন। গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলেও এমপি নজরুলের আবেদন নামঞ্জুর হয়েছিল।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর সংসদ সদস্যকে কারাগারে পাঠানো হয়। এছাড়া মামলার অপর আসামি ওবায়দুল রহমানকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।