ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়জগতে ব্যস্ত সময় পার করার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি কথা বলেছেন তিনি। বিশেষ করে বিয়ে নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, বিয়ের বিষয়ে পরিবার থেকে কখনো চাপ দেওয়া হয় না, বরং নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পেয়েছেন তিনি।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে হিমি বলেন, “আমার মা-বাবা সবসময় আমার বিয়ে নিয়ে স্বাধীনতা দিয়েছেন। কারণ, বিয়ে তো ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা কার ভাগ্যে কী লিখে রেখেছেন, তা তো আমরা জানি না।”
পরিবারের এমন সহযোগিতার কথা উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, “আমি সত্যিই খুব ভাগ্যবান। বাসা থেকে বিয়ে নিয়ে কখনো চাপ দেওয়া হয় না।”
গত ৪ অক্টোবর ছিল হিমির জন্মদিন। নতুন কাজ ও অভিনয়ের ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটছে তার। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে বেশি মনোযোগী হন তিনি।
তবে দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন হিমি। তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে দেখা যাবে তাকে।
ধারাবাহিকে ফিরে আসা প্রসঙ্গে হিমি বলেন, ঠিক কত সময় পর ধারাবাহিকে অভিনয় করছেন, তা তার মনে নেই। অনেক সময় কোনো একক নাটক জনপ্রিয় হলে দর্শক এর পরবর্তী পর্ব দেখতে চান। দর্শকদের এই আগ্রহের বিষয়টি মাথায় রেখেই ধারাবাহিকটির পরিকল্পনা করা হয়েছে।
দর্শকদের আগ্রহ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে নির্মিত হয়েছে ‘প্রথম প্রেমের গল্প’। গত ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির নতুন পর্ব প্রকাশ করা হচ্ছে।


