জাতীয় নিরাপত্তার উদ্বেগ এবং স্থানীয় আইন না মানার অভিযোগে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে ইরাক। দেশটির যোগাযোগ ও গণমাধ্যম কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, কমিশনের বিবৃতিতে বলা হয়, টেলিগ্রাম পরিচালনাকারী প্রতিষ্ঠান প্ল্যাটফর্মে প্রকাশিত অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। পাশাপাশি ইরাকের আইন ও বিধিবিধানও মেনে চলেনি প্রতিষ্ঠানটি। আইনগত শর্ত পূরণে টেলিগ্রামকে ৩০ দিন সময় দেওয়া হয়েছিল।
ইরাকের কর্তৃপক্ষ জানিয়েছে, উগ্রবাদী বক্তব্য ছড়ানো, সহিংসতা ও বিদ্বেষে উসকানি, সাইবার অপরাধে সহায়তা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ঠেকাতেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ইরাক-সম্পর্কিত কনটেন্ট পর্যালোচনা, অনিয়ম দূর করা এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা নিশ্চিত করাও এ সিদ্ধান্তের উদ্দেশ্য।
এর আগে ২০২৩ সালের আগস্টেও জাতীয় নিরাপত্তার উদ্বেগ এবং নাগরিক ও সরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে সাময়িকভাবে টেলিগ্রাম বন্ধ করেছিল ইরাক। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনার পর ওই মাসেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
ইরাকের এ সিদ্ধান্তের কিছুক্ষণ আগেই সাইবার অপরাধ ও উগ্রবাদ ছড়ানো ঠেকানোর কথা জানিয়ে টেলিগ্রাম নিষিদ্ধ করে জর্ডান। তবে দেশ দুটি সমন্বয় করে এ সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।


