জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পর তার রাজনৈতিক নিষ্ঠা ও জনমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, রাজনীতিতে কথা বলার মানুষের অভাব না থাকলেও অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার মানুষ খুব কম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সামান্তা শারমিনের সাথে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে এসব মন্তব্য করেন তাসনিম জারা।
তিনি বলেন, ‘রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। শুনতে আসা মানুষ খুব কম। সামান্তা আপাকে খুব কাছ থেকে দেখেছি। উনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবু কেউ কথা বলতে এলে থামেন, পুরোটা শোনেন, মানুষটাকে কখনো বুঝতে দেন না যে ওনার তাড়া আছে।’
সামান্তা শারমিনের কর্মস্পৃহা ও মানুষের প্রতি আন্তরিকতার প্রশংসা করে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তাসনিম জারা।
তিনি আরও বলেন, ‘মানুষের কাছে যান তাদের জীবনটা বুঝতে, তাদের পাশে দাঁড়াতে। ওনার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি। এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরো বড় হওয়া দরকার।’
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পর তাসনিম জারার এমন মন্তব্যে তার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন উঠে এসেছে।



