...|...|...

বিশ্ব

আপিল আদালতের সিদ্ধান্ত

এখনই চালু হচ্ছে না ‘ডিভি লটারি’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০১
Shares
এখনই চালু হচ্ছে না ‘ডিভি লটারি’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অন্যতম জনপ্রিয় মাধ্যম ‘ডাইভারসিটি ভিসা’ বা ডিভি লটারির চাকা আপাতত আর ঘুরছে না। ২০২৭ অর্থবছরের ডিভি লটারির আবেদন ১ নভেম্বরের মধ্যে চালু করার বিষয়ে নিম্নে আদালতের দেওয়া আদেশটি সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন আপিল আদালত। ফলে ট্রাম্প প্রশাসনের আটকে রাখা বহুল আলোচিত গ্রিন কার্ডের এই সুযোগ আপাতত বন্ধই থাকছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ‘নিউজউইক’-এর এক প্রতিবেদনে এই আইনি লড়াইয়ের খবর নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর নতুন অর্থবছরের ডিভি লটারি সম্পর্কিত কার্যক্রম শুরু না করায় ‘রেড ইগল’ নামক একটি মার্কিন অভিবাসন আইন সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছিল। গত ১৪ অক্টোবর নিম্ন আদালত ১ নভেম্বরের মধ্যে আবেদন নেওয়ার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আদালতের ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে জরুরি আবেদন জানায়। বৃহস্পতিবার তিন বিচারকের সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ ট্রাম্প প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে নিম্ন আদালতের নির্দেশনার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেন।

তবে আপিল আদালত তাদের পর্যবেক্ষণে স্পষ্ট করে বলেছেন, কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই পররাষ্ট্র দফতরের এভাবে ডিভি লটারি বন্ধ রাখা মোটেও উচিত হয়নি। তা সত্ত্বেও মামলাকারী আইনি সংস্থাটির এই বিষয়ে সরাসরি মামলা লড়ার আইনি অধিকার (লিগ্যাল স্ট্যান্ডিং) আছে কি না, তা নিয়ে আদালত প্রশ্ন তুলেছেন। বিচারকদের মতে, বিশ্বের সাধারণ মানুষের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়ার জন্য এই আইন তৈরি হয়েছে, কোনো ল ফার্মের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য নয়।

১৯৯০ সাল থেকে শুরু হওয়া এই ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারির মাধ্যমে প্রতিবছর বাংলাদেশসহ অভিবাসনের হার কম—এমন দেশগুলো থেকে লটারির ভিত্তিতে প্রায় ৫৫ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেওয়া হতো। ট্রাম্প প্রশাসনের কারণে আকস্মিকভাবে এই প্রক্রিয়াটি থমকে যাওয়ায় বিশ্বজুড়ে হাজার হাজার মার্কিন স্বপ্নপ্রত্যাশী চরম অনিশ্চয়তা ও হতাশায় পড়েছেন।

এদিকে আইনি লড়াইয়ে সাময়িক ধাক্কা খেলেও হাল ছাড়ছে না অভিবাসন সংস্থাটি। ‘রেড ইগল’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী বা কাজের ভিসাধারীদের পক্ষ থেকে তারা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে খুব শিগগিরই নতুন করে মামলা দায়ের করবে। তবে আপাতত আপিল আদালতে মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার এই বিশেষ পথটি বন্ধই থাকছে।