একজন দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের মৌলিক মানবাধিকার স্থগিতের বিধান সংবিধানেই রয়েছে। ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং আনুষ্ঠানিক মাধ্যমে তাকে একাধিকবার ফেরত চাওয়া হয়েছে। যার প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তিনি নিজেও আসতে চান। তাই এখন আর কোনো আইনি বাধা আছে বলে মনে করেন না তিনি।
ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে উপদেষ্টা বলেন, হাতেনাতে ধরা পড়াদের বিচারের আওতায় আনা গেলে এই প্রবণতা কমবে। নিরাপত্তার দায়িত্বে থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সরকার ব্যর্থতা অস্বীকার করে না। তবে খুব দ্রুত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বস্ত করেন তিনি।
এলপিজি গ্যাসের দাম প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে বাজার নজরদারি রয়েছে। এর পরও ব্যত্যয় ঘটলে সরকারকে আরও সতর্ক ভূমিকা রাখতে হবে।

