...|...|...

সারাদেশ

এই সরকারের দিন যত যাচ্ছে, দেশ যেন আরও পিছিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩০
Shares
এই সরকারের দিন যত যাচ্ছে, দেশ যেন আরও পিছিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: টাইমস টুডে

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের চিত্র এমন হওয়ার কথা ছিল না। কিন্তু এই সরকারের দিন যত যাচ্ছে, দেশ যেন আরও পিছিয়ে যাচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির রাজবাড়ী জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশ আসলে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ উদ্বেগ প্রকাশ করছে। গণ-অভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশের চিত্রটা এমন হওয়ার কথা ছিল না।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে যাওয়া এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে দেশের সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিল। সরকারের অর্থনৈতিক সংস্কার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক পরিবর্তনের পরিকল্পনা থাকার কথা ছিল। কিন্তু দেশ সেই প্রত্যাশা থেকে অনেক দূরে সরে যাচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই সরকারের যত দিন যাচ্ছে, আমরা যেন আরও পিছনে ফিরে যাচ্ছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু বলার নেই।

ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হলে নিজেদের লোকজন নিজেদের হাতে খুন হন, তা এই ঘটনা থেকে বোঝা যায়। বিচারব্যবস্থার সংস্কার না হওয়ায় এসব ঘটনার সুষ্ঠু বিচার নিয়েও শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপির ছত্রছায়ায় সারা দেশে দলীয় ক্যাডাররা বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে। তারা নিজেদের লোকজনের পাশাপাশি সাধারণ মানুষের ওপরও নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন, আমরা চেয়েছিলাম পুলিশের একটি শক্তিশালী অবস্থান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা। কিন্তু আইজিপি বলছেন, সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করবেন। শক্তিশালী অবস্থান মানে তো ক্রসফায়ার নয়, শক্তিশালী অবস্থান মানে আইন লঙ্ঘন করা নয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম। এ ছাড়া দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ দক্ষিণ) হাসিবুর রহমান অগ্নি, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ দক্ষিণ) আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।