...|...|...

শিক্ষা

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধ : হাইকোর্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৬
Shares
এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বন্ধ : হাইকোর্ট

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। এ বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন করেন। গত কয়েক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আবেদন।

শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ লক্ষ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কার্যক্রম চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের তথ্য পাঠানো হবে। ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাইয়ের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ আগেই ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। পরীক্ষা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

হাইকোর্টের এ আদেশের ফলে পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত ভর্তি পরীক্ষার সূচি কার্যকর করা নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই পাসের হার ছিল সর্বনিম্ন।