...|...|...

বিশ্ব

ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম দেশের পাইলটদের নিষেধাজ্ঞা এয়ার ফ্রান্সের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১০:০৮
Shares
ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম দেশের পাইলটদের নিষেধাজ্ঞা এয়ার ফ্রান্সের

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ ৩১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকদের ইসরায়েলগামী ও দেশটির আকাশসীমা ব্যবহারকারী ফ্লাইটে ক্রু হিসেবে নিয়োগ সীমিত করছে এয়ার ফ্রান্স। 

ইসরায়েল সরকারের নতুন নিরাপত্তা বিধিনিষেধ মেনে এয়ারলাইনসটি এই পদক্ষেপ নিয়েছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এই নীতির কারণে ফরাসি বিমান সংস্থাটি বৈষম্যের অভিযোগে আইনি মামলার মুখে পড়তে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ইসরায়েলি গণমাধ্যম ও ফরাসি অনুসন্ধানী প্রকাশনা মিডিয়াপার্টের প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান, ওমান, সৌদি আরব, পাকিস্তান ও নাইজারসহ ৩১টি দেশের নাগরিকদের ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে।

ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, যেসব দেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই, সেসব দেশের নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো পাইলট বা ক্রু তাদের আকাশসীমায় দায়িত্ব পালন করতে পারবেন না।

এর পেছনে একটি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেছে ইসরায়েল ও আমিরাত কর্তৃপক্ষ। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ এক ওমানি সহকারী পাইলট ছিনতাই করে বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করার চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ওই পাইলট ফ্লাইটের মূল ভারতীয় পাইলটের ওপর হামলা চালিয়েছিলেন বলেও জানা যায়।

সংকট মোকাবেলায় এয়ার ফ্রান্স আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, সেবা প্রদানকারী দেশগুলোর নির্ধারিত নিয়ম ও প্রবেশবিধি গ্রাহক ও কর্মীদের ক্ষেত্রে মেনে চলতে তারা বাধ্য। তবে প্যারিসভিত্তিক বৈষম্যবিরোধী আইনজীবী ক্লারা গানদিন ফরাসি এয়ারলাইনসটির এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক হয়রানি’ বলে মন্তব্য করেছেন। তার মতে, বিদেশি সরকারের শর্ত মানতে গিয়ে ফরাসি শ্রম আইন লঙ্ঘন ও কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার সুযোগ নেই।

এদিকে চেক প্রজাতন্ত্রের প্রধান বিমান সংস্থা স্মার্টউইংস জানিয়েছে, তারা নির্দেশনাটি সতর্কতার সাথে পর্যালোচনা করছে এবং প্রযোজ্য শর্তাবলী মেনে চলবে। তবে মার্কিন এয়ারলাইনস ‘ইউনাইটেড এয়ারলাইনস’ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।