ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মতপার্থক্য ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে মতভেদ থাকলেও ট্রাম্পের ভালো কাজগুলোর স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
শুক্রবার (১৫ অক্টোবর) সম্প্রচারিত হোয়াইট হাউসের সাবেক মুখপাত্র শন স্পাইসারের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন ভ্যান্স। সেখানে ডানপন্থী ভাষ্যকার টাকার কার্লসনের সঙ্গে তার সম্পর্ক এবং ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্যের বিষয়টি উঠে আসে।
ভ্যান্স বলেন, কোনো একটি বিষয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য থাকতেই পারে। তার ক্ষেত্রেও তেমনটি ঘটেছে।
ইরান যুদ্ধের কট্টর সমালোচক হিসেবে পরিচিত টাকার কার্লসন এ বিষয়ে ‘খুবই ক্ষুব্ধ’ ছিলেন বলে জানান ভ্যান্স। তিনি বলেন, ব্যক্তিগত ও প্রকাশ্য—উভয় জায়গাতেই এ নিয়ে কার্লসনের সঙ্গে তার কথা হয়েছে। কার্লসন কী অনুভব করেন, তা তিনি জানেন এবং বোঝেন।
ট্রাম্পের সাবেক মিত্র কার্লসনের সঙ্গে আগের এক আলোচনার প্রসঙ্গ টেনে ভ্যান্স বলেন, তিনি কার্লসনকে প্রেসিডেন্টের অর্জনগুলো স্বীকার করার অনুরোধ জানিয়েছিলেন।
ভ্যান্সের ভাষ্য, কোনো কিছুর খারাপ দিক থাকলেও তার ভালো দিকগুলো অস্বীকার করা উচিত নয়। সীমান্ত নিয়ন্ত্রণ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শ্বেতাঙ্গদের প্রতি বৈষম্য বন্ধ করার মতো বিষয়গুলোতে ট্রাম্প কৃতিত্ব পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।


