ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা পুনরায় শুরু করতে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে ব্যাপক তৎপরতা চালিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি এই লবিং চালান বলে বিষয়টির সাথে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রগুলো জানায়, ওয়াশিংটন সফরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফসহ ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন গোফম্যান। বৈঠকে তিনি ইরান-সংক্রান্ত ইসরায়েলের বিশেষ গোয়েন্দা তথ্য মার্কিন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এ ছাড়া ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, মোসাদ প্রধান ফ্লোরিডার মিয়ামিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথেও সাক্ষাৎ করেছেন। উইটকফ বর্তমানে ইরান ও ইউক্রেন বিষয়ে মার্কিন কূটনৈতিক তৎপরতা পরিচালনা করছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়াতে মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর গত ৯ নভেম্বর ইরানে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই ঘোষণার পরপরই মোসাদ প্রধান তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র সফরে গেলেন।
কূটনৈতিক এই প্রচেষ্টার সাথে যুক্ত তৃতীয় একটি সূত্র জানিয়েছে, তেহরান পাল্টা প্রতিশোধ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে আক্রমণ চালাতে পারে—এমন আশঙ্কায় ওই অঞ্চলের নেতারা ট্রাম্পের সাথে কথা বলে ইরানে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতা নিহত হওয়ার জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন মিত্রদের ওপর হামলা চালিয়েছিল তেহরান। বিশ্লেষকদের মতে, নতুন করে যৌথ হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মোসাদ প্রধানের এই সফর অনুষ্ঠিত হলো। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ, নিজের নড়বড়ে রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই নেতানিয়াহু আঞ্চলিক সংঘাত বাড়িয়ে তোলার চেষ্টা করছেন; যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
গোফম্যান ও র্যাটক্লিফের বৈঠকের বিষয়ে সিআইএ বা নেতানিয়াহুর কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওয়াশিংটনের আরোপিত অর্থনৈতিক চাপ ইরানের জন্য এতটাই বিধ্বংসী হয়ে উঠেছে যে সেখানে বড় ধরনের কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই।
অবশ্য ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে জন্য মার্কিন প্রেসিডেন্টের হাতে সব বিকল্পই খোলা রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন ওই কর্মকর্তা।

