...|...|...

বিশ্ব

ইরানে সম্ভবত আমরা ‘বাড়াবাড়ি’ করে ফেলেছি: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৬
Shares
ইরানে সম্ভবত আমরা ‘বাড়াবাড়ি’ করে ফেলেছি: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরানের সাথে আলোচনার জন্য উপযুক্ত কাউকে খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।

মঙ্গলবার (১৩ অক্টোরব) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, ওহাইও অঙ্গরাজ্যের ইয়াংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, “নেতাদের নিয়ে আমরা হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি। কারণ, এখন আর বোঝাই যাচ্ছে না যে আমরা আসলে কাদের সঙ্গে কারবার করছি।”

তিনি আরও বলেন, “ইরানের প্রেসিডেন্ট হতে কেউ চায় না।” সম্ভাব্য প্রার্থীরা এ দায়িত্ব নিতে আগ্রহী নন বলেও দাবি করেন তিনি। তবে বাস্তবে, ২০২৪ সালের জুলাই থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প বলেন, “সত্যি বলতে, কাদের সাথে আলোচনা করব, তা ঠিক করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমার মনে হয়, আমরা বাড়াবাড়ি করে ফেলেছি।”

এ সময় ইরানের সামরিক সক্ষমতা নিয়েও পুরোনো দাবি পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ইরান বিমানবাহিনী ও ১৫৯টি জাহাজ হারিয়েছে। জাহাজগুলো এখন ‘সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে’ বলেও মন্তব্য করেন তিনি।

উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে এ পর্যন্ত জাহাজে অন্তত ১৯টি হামলার ঘটনা ঘটেছে।