...|...|...

বিশ্ব

ইরানি মুদ্রার রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২৭ লাখ রিয়াল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৭
Shares
ইরানি মুদ্রার রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ২৭ লাখ রিয়াল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের চাপে থাকা ইরানের অর্থনীতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ২০০ কোটি বা ২ বিলিয়ন ডলার পর্যন্ত বিক্রির উদ্যোগ নিলেও দেশটির মুদ্রা রিয়ালের দরপতন থামেনি। শনিবারও (৩ অক্টোবর) ডলারের বিপরীতে রিয়ালের মূল্য কমে নতুন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুক্তবাজারের মুদ্রা বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘বন-বাস্ট ডট কম’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার প্রতি ডলারের বিনিময়মূল্য ছিল ২৬ লাখ ৩২ হাজার রিয়াল। শনিবার তা বেড়ে প্রায় ২৬ লাখ ৮৮ হাজার রিয়ালে পৌঁছেছে। অন্যদিকে ‘আলানচান্দ ডট কম’ প্রতি ডলারের দর ২৬ লাখ ৯৫ হাজার রিয়াল বলে জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রিয়ালের মান ধরে রাখতে সরকারি ব্যাংকগুলো বাজারে সর্বোচ্চ ২০০ কোটি ডলার বিক্রি শুরু করেছে। তবে এ পদক্ষেপের মধ্যেও মুদ্রাটির দরপতন অব্যাহত রয়েছে। গত এক বছরে রিয়ালের মূল্য অর্ধেকেরও বেশি কমেছে।

দেশটির আয়ের প্রধান উৎস তেল রপ্তানি যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে বন্ধ হয়ে যাওয়ায় অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে। একই সময়ে মূল্যস্ফীতি ৭০ শতাংশ ছাড়িয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অনেকের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা কিংবা বাড়িভাড়া পরিশোধ করাও কঠিন হয়ে উঠেছে।

রিয়ালের অব্যাহত দরপতনের মধ্যে সঞ্চয়ের মূল্য ধরে রাখতে অনেক ইরানি নাগরিক ডলার, অন্যান্য শক্তিশালী বৈদেশিক মুদ্রা ও সোনা কিনে রাখছেন।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বৈদেশিক মুদ্রাবিষয়ক সহযোগী মেহেদি দারাবি রিয়ালের দরপতনের জন্য আংশিকভাবে মার্কিন কর্মকর্তাদের করা ‘ভুল ভবিষ্যদ্বাণী’কে দায়ী করেছেন। ওই কর্মকর্তারা ইরানের অর্থনীতি ধসে পড়বে বলে দাবি করেছিলেন।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দারাবি বলেন, ‘এমন ধারণা দেওয়া হচ্ছে যে ইরানের অর্থনীতি ধসে পড়ার মুখে। শত্রুপক্ষ আমাদের মুদ্রার বিনিময় হারের ওপর প্রভাব ফেলতে এই বিষয়টিকে কাজে লাগাচ্ছে।’

তবে রিয়ালের বর্তমান দরপতন সাময়িক বলেও দাবি করেছেন তিনি।