...|...|...

আইন ও আদালত

শাপলা চত্বর হত্যাকাণ্ড

ইনুসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৫
Shares
ইনুসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ গ্রেফতার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলায় মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে ১১ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক।

গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ ওরফে এস এম জাহিদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এ ছাড়া পলাতক আসামিদের তালিকায় রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম, সাবেক র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোহাম্মদ হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলাম এবং সাবেক পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, মো. আসাদুজ্জামান ও এস এম শিবলী নোমান।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা করা হয়েছে। মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তদন্তে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এর আগে ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে ১৬ সেপ্টেম্বর পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাদের পলাতক ঘোষণা করেন। একই সাথে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।