...|...|...

জাতীয়

ইতালিতে বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৯
Shares
ইতালিতে বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

শ্রমবাজারের চাহিদা পূরণে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। এ কর্মী নিয়োগের সুযোগ পাবেন বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকেরা। কৃষি, পর্যটন, গৃহস্থালি পরিচর্যাসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ তৈরি হবে।

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের জন্য এ কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কর্মী কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত কোটার মধ্যে ১৪ হাজার জনকে পারিবারিক পরিচর্যা খাতে নিয়োগ দেওয়া হবে।

যেভাবে আবেদন করতে হবে

ইতালিতে কাজের সুযোগ পেতে আগ্রহীদের দেশটির নির্ধারিত অভিবাসন নীতিমালা অনুসরণ করে আবেদন করতে হবে। সাধারণত ‘ফ্লো ডিক্রি’ বা ‘স্লুচি’ আইনের আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের অনুমতির আবেদন করতে হয়।

আবেদনের জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ALI পোর্টাল ব্যবহার করতে হবে। সেখানে পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হয়।

ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম গত ২৩ অক্টোবর শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।

তবে আবেদন প্রক্রিয়ার মূল দায়িত্ব থাকবে ইতালির নিয়োগকর্তার হাতে। অর্থাৎ, দেশটির কোনো বৈধ নিয়োগকর্তা কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করবেন। তাই বিদেশে কাজ করতে আগ্রহীদের বৈধ নিয়োগকর্তার সাথে যোগাযোগ এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিনামূল্যে প্রশিক্ষণ, মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্কতা

ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। ফলে এ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির ভূমিকা রাখার সুযোগ নেই। কেউ মধ্যস্থতার নামে অর্থ লেনদেন করলে তাকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

নিয়োগদাতার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ

রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় পরিচালিত এসব প্রশিক্ষণ প্রকল্প সম্পূর্ণভাবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়।

প্রথমে ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন, তারা নিজেদের চাহিদা নির্ধারণ করে। এরপর সেই অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

অর্থাৎ, ইতালিতে কোন খাতে কতজন কর্মী প্রয়োজন, তার ওপর ভিত্তি করেই প্রশিক্ষণ ও নিয়োগের পুরো প্রক্রিয়া পরিচালিত হবে।