ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং ‘দ্য ডেইলি অবজারভার’-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন। তবে তাকে আটক করা হয়ে থাকলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ১৯৭২ সালে ‘দ্য বাংলাদেশ অবজারভার’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে পেশাগত জীবন শুরু করেন এবং পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বাসসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময়ে তিনি ‘দ্য ডেইলি অবজারভার’-এর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সরাসরি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। ২০১৪ সালের ২০ নভেম্বর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খণ্ডকালীন গণমাধ্যম উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

