ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৪ নভেম্বর) রাতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
পুলিশের ভাষ্য, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে তথ্য পাওয়ার পর ডিবি পুলিশের একটি দল ডিবিসি কার্যালয়ে গিয়ে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেয়। তার সাথে ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকেও নেওয়া হয়েছে। বর্তমানে দুজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাদের নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরে তাদের মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিসি মো. আকতার হোসেন বলেন, বর্তমানে তাদের সঙ্গে ডিবি পুলিশ কথা বলছে। তাদের নিরাপদে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আড়ালে চলে যান ইকবাল সোবহান চৌধুরী। এরপর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি।
ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেসক্লাবে দেখা যায়। এরপর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

