ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, মানুষ ভোটমুখী হলে দেশে বিশৃঙ্খলা কমে আসবে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সিইসি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। যথাসময়েই এ নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করা হবে।
এদিকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিশ্চিত করে নাগরিকদের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে চায় কমিশন।
এ সময় সিইসি বলেন, এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চায় না কমিশন।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি এনআইডি-সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব আবেদন নিষ্পত্তি করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এর ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দিনব্যাপী এ কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


