...|...|...

বিশ্ব

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প-শির সাথে বৈঠকের প্রস্তাব পুতিনের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:২০
Shares
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প-শির সাথে বৈঠকের প্রস্তাব পুতিনের

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে মস্কো। তবে এতে এখনো সম্মতি দেননি ট্রাম্প।

সোমবার (১৯ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু জানায়, ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ অক্টোবর ট্রাম্পের সাথে ফোনালাপে পুতিন এ প্রস্তাব দেন। বিষয়টি সম্পর্কে অবগত রাশিয়ার এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদপত্রটি।

প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের এমন একটি সমাধান খুঁজতে চায় মস্কো, যা রাশিয়ার স্বার্থের অনুকূলে হবে। তবে প্রস্তাবিত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশগ্রহণের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনার কথা নিশ্চিত করেছেন। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-কে তিনি বলেন, বৈঠকটি হবে কি না কিংবা এর আলোচ্যসূচি কী হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা নেই। তবে তিন পক্ষই এমন বৈঠকের সম্ভাবনা স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনো ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাবে সম্মতি দেননি। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আকাঙ্ক্ষা থেকে তিনি প্রস্তাবটির প্রতি আগ্রহী হতে পারেন।

আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকটি আয়োজনের প্রস্তাব দিয়েছে ক্রেমলিন। রুশ কর্মকর্তারা কূটনৈতিক চ্যানেলে বেইজিংয়ের কাছে প্রস্তাবটি তুলে ধরেন। ট্রাম্প সম্মত হলে এতে আপত্তি থাকবে না বলে জানিয়েছে চীন।

রাশিয়ার ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তা জানান, এর আগেও পুতিন ট্রাম্প ও শির সাথে ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব দিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৯ অক্টোবরের ফোনালাপে যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে ডিজেল কেনা এবং বিশ্ববাজারে তা বিক্রির সুযোগ করে দেওয়া নিয়েও সমঝোতা হয়। জ্বালানির উচ্চমূল্যের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ তৈরি হওয়ায় দাম কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে শুক্রবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত একটি দ্বিদলীয় বিলের বাস্তবায়ন স্থগিত করেছেন ট্রাম্প। গত মাসেই তিনি ওই বিলে স্বাক্ষর করেছিলেন।

রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পুতিন এ সম্মেলনকে দ্বিতীয় ‘ইয়াল্টা সম্মেলন’-এর আদলে কল্পনা করেছিলেন। এর মাধ্যমে বিশ্বকে বিভিন্ন প্রভাববলয়ে ভাগ করার উচ্চাকাঙ্ক্ষা তাঁর ছিল বলে দাবি করেন ওই কর্মকর্তা।

তবে আলোচনা সম্পর্কে অবগত কয়েকজনের মতে, চীনা কর্মকর্তারা এ নিয়ে উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, ত্রিপক্ষীয় বৈঠক এপেক সম্মেলনকে ঘিরে বেইজিংয়ের পরিকল্পনা থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে। এ সম্মেলনের মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ভূমিকা তুলে ধরতে চায় দেশটি।

একই সাথে পুতিনের প্রতি সমর্থন বজায় রাখা এবং ইউরোপের সাথে অর্থনৈতিক সম্পর্ক ধরে রাখার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন শি জিনপিং।