...|...|...

রাজধানী

আসিফের গাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজে মিলল যে তথ্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৪
Shares
আসিফের গাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজে মিলল যে তথ্য

আসিফ আকবর ও গাড়িতে গুলির সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি চালানোর ঘটনায় এখনো হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যেখানে সন্দেহভাজন ব্যক্তির শুধু পা দেখা গেছে। ওই ফুটেজের সূত্র ধরে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান এসব তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে নেমে এক ব্যক্তি আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেন। পরে তিনি আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান। ওই অটোরিকশায় আর কেউ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় ভবনটির তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, গাড়ির চালকও তখন সেখানে ছিলেন না।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গাড়ির চালকের আসনের পেছনের আসন লক্ষ্য করে গুলি চালানো হয়। এক রাউন্ড গুলিতে গাড়ির কাচ ভেঙে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে আসিফ আকবর স্টুডিওতে আসেন। এ সময় তার কয়েকজন বন্ধুও সেখানে ছিলেন। রাত ৩টার দিকে তারা স্টুডিও ছেড়ে চলে যান।

পরে শনিবার সকালে কাছাকাছি থাকা এক নিরাপত্তাকর্মী গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়িতে গুলির চিহ্ন দেখতে পেয়ে তিনি আসিফ আকবরকে বিষয়টি জানান। এরপর নিচে নেমে পরিস্থিতি দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন এই কণ্ঠশিল্পী।

ডিসি ইবনে মিজান বলেন, খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফ আকবরের সাথে কথা বলে। তিনি কাউকে সন্দেহ করছেন না এবং এ ঘটনায় তার কোনো অভিযোগও নেই বলে পুলিশকে জানিয়েছেন।

তবে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান ইবনে মিজান। তিনি বলেন, আরও ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। একটি ফুটেজে হামলাকারীর শুধু পা দেখা গেছে। ওই ফুটেজের সূত্র ধরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আসিফ আকবরের সাথে তার কার্যালয়ের কারও বিরোধ রয়েছে কি না, তার বৈধ অস্ত্র আছে কি না কিংবা অস্ত্রের জন্য নতুন কোনো আবেদন করেছেন কি না, কুমিল্লায় স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে কি না এবং কারও সাথে রাজনৈতিক বিরোধ আছে কি না-এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।