...|...|...

খেলা

আসসালামু আলাইকুম বলে চমকে দিলেন রোনালদোর ছেলে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৭
Shares
আসসালামু আলাইকুম বলে চমকে দিলেন রোনালদোর ছেলে

ছবি: সংগৃহীত

বাবা ক্রিশ্চিয়ানো  রোনালদো যখন এক হাজার গোলের মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন, তখন মাঠের পারফরম্যান্স দিয়ে নিজের পরিচয় তৈরি করছেন তার ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। এবার অবশ্য ফুটবল নয়, আরবিতে কথা বলে আলোচনায় এসেছেন ১৬ বছর বয়সী জুনিয়র। সৌদি আরবে দীর্ঘদিন বসবাসের কারণে স্থানীয় ভাষায়ও যে তিনি বেশ অভ্যস্ত হয়ে উঠেছেন, ভাইরাল হওয়া একটি ভিডিওতে তারই প্রমাণ মিলেছে।

শনিবার আল নাসরের যুব দলের এক সতীর্থের সাথে কথোপকথনের সময় আরবিতে কথা বলতে দেখা যায় জুনিয়রকে। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ভিডিওতে জুনিয়রকে বলতে শোনা যায়, 'আসসালামু আলাইকুম, কাইফ আল হাল?' এর অর্থ, 'আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, কেমন আছেন?'

কথোপকথনের পুরোটা অবশ্য আরবিতে ছিল না। মাঝে কিছু ইংরেজি শব্দও ব্যবহার করেন জুনিয়র। তবে সাবলীলভাবে আরবিতে সম্ভাষণ জানানোতেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কাড়েন তিনি।

জুনিয়রের আরবি বলা অবশ্য খুব বেশি বিস্ময়ের নয়। ২০২২ সালের ডিসেম্বরে বাবা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই সৌদি আরবে বসবাস করছেন তিনি। একই সাথে ক্লাবটির যুব দলে নিয়মিত ফুটবল প্রশিক্ষণও চালিয়ে যাচ্ছেন।

মাঠেও ধীরে ধীরে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন জুনিয়র। সম্প্রতি সৌদি অনূর্ধ্ব-১৭ প্রিমিয়ার লিগে আল আহলির বিপক্ষে আল নাসরের যুব দলের হয়ে জোড়া গোল করেন তিনি। একসময় ম্যাচে পিছিয়ে পড়া আল নাসরকে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় এনে দেন জুনিয়র। ম্যাচের ১২তম ও ৪৪তম মিনিটে গোল দুটি করেন তিনি।

ছেলের সেই পারফরম্যান্সের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাবার মতোই পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু হয়েছে জুনিয়রের। ২০২৫ সালের মে মাসে প্রথমবার পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পান তিনি। এরপর দেশটির বিভিন্ন বয়সভিত্তিক যুব দলের হয়ে খেলছেন।

ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন জুনিয়রকে ঘিরে বাবার মতো তিনিও ভবিষ্যতে বড় তারকা হয়ে উঠতে পারবেন কি না। তবে ফুটবলের পাশাপাশি সৌদি আরবের স্থানীয় ভাষা আরবি শেখার মধ্য দিয়ে দেশটির সংস্কৃতির সাথেও যে তিনি নিজেকে মানিয়ে নিচ্ছেন, ভাইরাল ভিডিওতে সেটিই নতুন করে সামনে এসেছে