বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ হতাশা, দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সমাজের কোথাও শান্তি, সম্মান ও স্বস্তি নেই। আল্লাহর দ্বীনের ভিত্তিতেই কেবল মানুষের জীবনে সেই শান্তি, সম্মান ও স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য চিকিৎসকসহ সবাইকে কঠিন শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সি শেল রিসোর্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন ২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার ও সন্তানদের যথেষ্ট সময় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজন পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি জোরদার করে। একই সাথে চিকিৎসকদের পেশাগত জীবনে নৈতিকতার সীমারেখা মেনে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি ও এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।
এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি ডা. নুর উদ্দীন তালুকদার।
দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য বিভিন্ন রাইডস ও কিডস জোন, খেলাধুলা, পিঠা উৎসব, নাটিকা, সংগীত এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ন্যাশনাল ডক্টরস ফোরামের সদস্য ও তাদের পরিবারের লোকজন অংশ নেন।


