...|...|...

সারাদেশ

আ.লীগ নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:২৭
Shares
আ.লীগ নেতাদের সাথে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সাথে সংগঠনের কোনো পর্যায়ের নেতা-কর্মী বহিষ্কৃত এই নেতার সাথে সাংগঠনিকভাবে যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম ওরফে শাহীন হত্যা মামলার প্রধান আসামি, কারাবন্দি যুবলীগ নেতা আমিনুল ইসলামের সাথে সাক্ষাতের অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম (বাদশা) বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিএনপি নেতা মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দি আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে প্রথমে তাকে কারণ দর্শাতে বলা হয়। পরে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রাখার সুস্পষ্ট অভিযোগে বুধবার কেন্দ্রীয় বিএনপি তাকে সব পদ থেকে বহিষ্কার করে।

প্রসঙ্গত, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে শহরের উপশহর বাজারের দশতলা ভবন এলাকায় বিএনপি নেতা মাহবুব আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মাহবুবের স্ত্রী বগুড়া সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় বগুড়া পৌরসভার তৎকালীন প্যানেল মেয়র ও সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামকে প্রধান আসামি করা হয়।

ওই বছরের ২৩ এপ্রিল রাজধানীর মতিঝিল এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।