দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে আবারও শ্রেষ্ঠত্বের পতাকা ওড়াল ব্রাজিল। আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেসকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের কোপা লিবার্তাদোরেসের শিরোপা নিজেদের করে নিয়েছে পালমেইরাস। এ নিয়ে চতুর্থবারের মতো মহাদেশীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ব্রাজিলিয়ান ক্লাবটি।
শনিবার (২৮ নভেম্বর) উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই সতর্ক ছিল দুই দল। বলের নিয়ন্ত্রণে পালমেইরাস এগিয়ে থাকলেও আর্জেন্টাইন ক্লাবটির শক্ত রক্ষণে আটকে যায় তাদের আক্রমণ। বিরতির আগে লুকাস এভানজেলিস্তার ক্রস প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরে লেগে পোস্টে আঘাত করে। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠে পালমেইরাস। ম্যাচের ৫২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। আর্তুরের বাড়ানো বল থেকে আক্রমণ তৈরি করেন জন আরিয়াস। তার হেড থেকে পাওয়া বল কাছ থেকে জালে পাঠান রামন সোসা। শেষ পর্যন্ত তার এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে এস্তুদিয়ান্তেস। গুইদো কারিয়োর শট ও এদউইন সেত্রের হেডে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছিল। তবে পালমেইরাসের গোলরক্ষক কার্লোস মিগেলের দুর্দান্ত দক্ষতায় হতাশ হতে হয় আর্জেন্টাইন ক্লাবটিকে।
এর আগে ১৯৯৯, ২০২০ ও ২০২১ সালে লিবার্তাদোরেসের শিরোপা জিতেছিল পালমেইরাস। এবার চতুর্থ শিরোপা জিতে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর মধ্যে ফ্লামেঙ্গোর সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা।
পালমেইরাসের এই জয়ে নতুন ইতিহাসও গড়েছে ব্রাজিল। ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা আট আসরে লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে দেশটির ক্লাবগুলো। প্রতিযোগিতার ইতিহাসে কোনো দেশের ক্লাবের এমন ধারাবাহিক সাফল্যের নজির নেই।
পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’-এর তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার ক্লাবগুলো টানা চার আসরে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছিল দুবার। প্রথমবার ১৯৬৭ থেকে ১৯৭০ এবং দ্বিতীয়বার ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত।
উরুগুয়ের ক্লাবগুলোও দুবার টানা দুই আসরে শিরোপা জিতেছিল। প্যারাগুয়ে, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডরের ক্লাবগুলো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও টানা দুই আসরে শিরোপা জয়ের নজির নেই তাদের।
অন্যদিকে ব্রাজিলের একচ্ছত্র আধিপত্যের সময়ে শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে আর্জেন্টিনার। টানা আট আসরে দেশটির কোনো ক্লাব চ্যাম্পিয়ন হতে পারেনি। লিবার্তাদোরেসের ইতিহাসে এটিই আর্জেন্টিনার দীর্ঘতম শিরোপা-খরা।
গত আসরের ফাইনালে ফ্লামেঙ্গোর কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল পালমেইরাসের। এবার সেই হতাশা কাটিয়ে উৎসবে মেতেছে আবেল ফেরেইরার দল। এই সাফল্যের সুবাদে আগামী ডিসেম্বরে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ২০২৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতাও অর্জন করেছে পালমেইরাস।


