আপত্তিকর এআই ভিডিও প্রকাশের ঘটনায় মাছরাঙা টেলিভিশনের প্রাতিষ্ঠানিক দুঃখ প্রকাশকে নাকচ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। এই ঘটনার পর তার স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং শিশুদের নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোলের মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি দাবি করেন।
শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনের উদ্দেশে সরাসরি ক্ষোভ উগরে দেন এই অভিনেত্রী।
পোস্টে পরীমনি লেখেন, 'আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না।'
সন্তানদের নিয়ে নেতিবাচক মন্তব্যের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, 'এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে। কি করবো বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন।'
এর আগে মাছরাঙা টেলিভিশন দাবি করেছিল, তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাকড হওয়ার পর ওই আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাসও দিয়েছিল কর্তৃপক্ষ। সেই প্রসঙ্গে প্রশ্ন তুলে পরীমনি বলেন, 'আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা? আমার কাছে অপরাধী তো এখন আপনারা।'
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসেও চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন পরীমনি। তিনি জানান, ভিডিওটি নতুন নয়, প্রায় এক-দেড় বছর ধরে হোয়াটসঅ্যাপে ছড়িয়েছিল।
তবে একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নতুন করে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হন তিনি।

