পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তির ১৬ ডিসেম্বর ঢাকা দখলের বক্তব্যের ধিক্কার জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এ দেশের মানুষ রক্ত দিয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের অহংকার। আমাদের এক ইঞ্চি মাটিতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি হিসেবে এ যৌথ সভার আয়োজন করা হয়।
চলমান রাজনীতিতে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রক্তের নেশা থেকে বেরিয়ে আসেননি।
তার নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমায় অগ্নিসংযোগ, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরও হত্যা করা হচ্ছে। দেশে যে স্থিতিশীলতা চলছে এবং ১৭ বছর পর গুম-খুনের রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে কলঙ্কিত করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে শেখ হাসিনার শাসনামলে এ ধরনের পরিস্থিতিতে গুম, খুন, ক্রসফায়ার, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার অত্যন্ত সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে।
সরকারের এ আচরণ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


