পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক এখনও টানাপোড়েনের মধ্যে রয়েছে। তবে আঞ্চলিক কয়েকটি বৈঠক ঘিরে নতুন করে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তান ভারতকে একাধিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে, আর তা নিয়েই প্রশ্ন উঠেছে—ইসলামাবাদের আমন্ত্রণে ভারত থেকে কে যাবেন?
সদ্য নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর সভ্যতা সংলাপে যোগ দিতে এসেছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। প্রথমে ভারত পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইসলামাবাদ তার পরিবর্তে মুসাদিক মালিককে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এবার পাকিস্তানের সভাপতিত্বে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক মন্ত্রীদের বৈঠক। ওই বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। শুধু তাই নয়, আগামী বছরের শেষ দিকে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে পাকিস্তানের। তবে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করে মোদি নিজে ইসলামাবাদে যাবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
কূটনৈতিক মহলের একাংশের ধারণা, প্রধানমন্ত্রী সফর না করলেও ভারতের পক্ষ থেকে কোনো জ্যেষ্ঠ মন্ত্রীকে পাঠানো হতে পারে। এ ক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নাম।
এর আগে ২০২৪ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন জয়শঙ্কর। একই বছরের অক্টোবরে সংস্থাটির সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও গিয়েছিলেন তিনি।
ফলে এবারও তার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল পাকিস্তানে যেতে পারে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। পেহেলগাম হামলার পর পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত যে কঠোর অবস্থান নিয়েছে, তাতে ইসলামাবাদের আমন্ত্রণ গ্রহণ করা হবে কি না, তা নির্ভর করছে সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতির ওপর।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সহযোগিতার স্বার্থে বহুপক্ষীয় মঞ্চে যোগাযোগ বজায় রাখার প্রয়োজন রয়েছে। তবে সেই যোগাযোগকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই।
এখন নজর থাকবে—পাকিস্তানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি নিজে যান, নাকি আবারও ভারতের প্রতিনিধিত্ব করেন কোনো জ্যেষ্ঠ মন্ত্রী।


