...|...|...

জাতীয়

আফ্রিকার দেশগুলোও আশ্রয় দিতে নারাজ শেখ হাসিনাকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৬
Shares
আফ্রিকার দেশগুলোও আশ্রয় দিতে নারাজ শেখ হাসিনাকে

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ আগ্রহ দেখাচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে উল্লেখ করেছেন তিনি। তার মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই ভারতের জন্য এখন সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান কে এম নাজমুল হক।

পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বেশ কয়েকটি দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মতি দেয়নি। আফ্রিকার কোনো দেশও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি বলে উল্লেখ করেন তিনি।

নাজমুল হকের ভাষ্য, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। বিষয়টি এখন আর শুধু ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পরিসরেও ভারতকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার দায়ে দণ্ডিত একজন ব্যক্তিকে ভারত কেন দীর্ঘদিন আশ্রয় দিয়ে রেখেছে, সেই প্রশ্নও সামনে আসছে বলে মন্তব্য করেন তিনি।

বিবিসি বাংলার একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে পোস্টে নাজমুল হক বলেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোই ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। এ লক্ষ্যে দিল্লি বিভিন্ন দেশের সাথে একাধিকবার আলোচনা করলেও কোনো অগ্রগতি হয়নি। ফলে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে বিচারের মুখোমুখি করাই এখন ভারতের সামনে বাস্তবসম্মত বিকল্প হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদের মধ্যে রেখে পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়েছিলেন। অথচ এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সেই নেতাকর্মীদের আবারও ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।

পোস্টে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেশত্যাগের পর দেওয়া বক্তব্যের কথাও উল্লেখ করেন নাজমুল হক। তার ভাষ্য অনুযায়ী, সে সময় জয় বলেছিলেন, ‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সাথে নাই।’

একই সাথে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দলীয় আনুগত্যের কারণে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের নিজেদের পাশাপাশি পরিবারের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।