জার্মান জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। ২০২৬ বিশ্বকাপ খেলে বিদায় নেওয়ার দুই মাস পর চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
জার্মানির হয়ে ৮৬টি ম্যাচ খেলা রুডিগার সামাজিক মাধ্যমে লেখেন, ‘দীর্ঘ ভাবনাচিন্তার পর এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দল থেকে সরে দাঁড়িয়ে নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার এখনই সঠিক সময়।’
২০১৪ সালে বিশ্বকাপের ঠিক এক মাস আগে জার্মানির জাতীয় দলে অভিষেক হয়েছিল রুডিগারের। তবে সেবার বিশ্বজয়ী স্কোয়াডে ঠাঁই পাননি তিনি। দীর্ঘ এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০১৭ সালের কনফেডারেশনস কাপ জয়ই রুডিগারের জাতীয় দলীয় ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য।
জাতীয় দলের বাইরে এখন ক্লাব ফুটবলেই মনোযোগ দিতে চান বার্লিনে জন্ম নেওয়া এই ডিফেন্ডার। বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলছেন রুডিগার, যেখানে চলতি মৌসুমের শেষ পর্যন্ত তার চুক্তি রয়েছে। তিনি বলেন, ‘আমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে, যেখানে পুরো মনোযোগ থাকবে ক্লাবের ওপর।’
স্টুটগার্ট ও রোমা হয়ে ২০১৭ সালে চেলসিতে যোগ দিয়ে ২০২১ সালের চ্যাম্পিয়নস লিগ জেতেন রুডিগার। এরপর ২০২২ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ২০২৪ সালেও চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ের স্বাদ পান।
জার্মান রক্ষণভাগের এই নির্ভরযোগ্য ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারটি কেটেছে জাতীয় দলের এক চরম সংকটময় সময়ে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব এবং ২০২৬ বিশ্বকাপে শেষ বত্রিশে প্যারাগুয়ের কাছে হেরে বাদ পড়ে জার্মানি। ওই ম্যাচটিই ছিল রুডিগারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
জাতীয় দলের হয়ে দুঃসময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বড় কোনো শিরোপা জিততে না পারাটা কষ্টের হলেও জার্মানির হয়ে খেলার স্মৃতি আজীবন অনুপ্রেরণা জোগাবে।’


