...|...|...

সারাদেশ

আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ২:৩৩
Shares
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ছবি: টাইমস টুডে

ঢাকার সাভারের আশুলিয়ায় জুট ও তুলার গুদামে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অন্তত ১০টি গুদাম এবং পাশে থাকা বেশ কয়েকটি বসতবাড়ির কক্ষ পুড়ে গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ১২টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে জামগড়া এলাকার একটি তুলার গুদামে হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা অন্যান্য তুলার গুদাম, জুটের গুদাম ও সংলগ্ন বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুনে অন্তত ১০টি গুদাম ও আশপাশের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।