...|...|...

বিশ্ব

আটকের মুহূর্তে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন সিজেপি নেতারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৬
Shares
আটকের মুহূর্তে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন সিজেপি নেতারা

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। 

শনিবার (১০ অক্টোবর) সকালে বিমানে অবতরণের পরপরই ভেতরে প্রবেশ করে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে আয়োজিত যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নিতেই তারা দিল্লি পৌঁছান।

হিন্দুস্তান টাইমসের বরাতে সিজিপির অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত প্রায় তিন মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে, সাধারণ যাত্রীরা বিমান থেকে নামার সুযোগ পাওয়ার আগেই পুলিশ সদস্যরা সিঁড়ি বেয়ে সরাসরি প্লেনের ক্যাবিনে প্রবেশ করেন। এ সময় সিজেপি নেতারা তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং প্লেনের ভেতরেই ‘ভারত মাতা কী জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন।

ভিডিওতে অভিজিৎ দীপকে পুলিশকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, তাকে ও তার সঙ্গীদের আটক করতে পুলিশ আসতেই পারে, এর জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত; তবে পুলিশি এই পদক্ষেপে সাধারণ যাত্রীরা অহেতুক ভোগান্তির মুখে পড়ছেন। অন্যদিকে, পুলিশ সদস্যদের বলতে শোনা যায় যে তারা তাদের গ্রেফতার করছেন না, এবং এ সময় তারা নেতাদের আইনগত সহযোগিতা করার আহ্বান জানান। পরবর্তীতে দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের একটি বিশেষ দল এই আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।