...|...|...

সারাদেশ

আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৫
Shares
আটকের পর আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে ২৭ সদস্যের পুলিশ দল নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটকের পর গ্রেফতার না করে ফিরে আসার ঘটনায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে।

গত ২৪ নভেম্বর গভীর রাতে পরিচালিত ওই অভিযানে ক্লিনিকের একাধিক তালা ও দরজা ভাঙা হয়। পরে ডা. জিন্নাহকে আটক করা হলেও তাকে গ্রেফতার না করে পুলিশ ফিরে আসে। এ ঘটনায় অর্থ লেনদেনের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ডা.মমিনুর রহমান জিন্নাহ বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের প্রশ্ন ডা. জিন্নাহর বিরুদ্ধে কোনো অভিযোগ বা অপরাধের তথ্য না থাকলে এত বড় পুলিশি বহর নিয়ে তার ক্লিনিকে অভিযান চালিয়ে একাধিক তালা ও দরজা ভাঙা হলো কেন? আর তাকে আটক করার পর কীসের ভিত্তিতে গ্রেফতার না করে পুলিশ ফিরে গেল

খোঁজ নিয়ে জানা গেছে ওসি শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কিছুদিন বিরতি দিয়ে ২০২৬ সালের ১১ মার্চ থেকে পুনরায় একই থানার ওসির দায়িত্বে রয়েছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এই কোতোয়ালি মডেল থানাতেই উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

ঘটনার বিষয়ে জানতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কয়েকজন গণমাধ্যমকর্মী কোতোয়ালি মডেল থানায় ওসির কক্ষে যান। এ সময় ডা. জিন্নাহকে গ্রেফতার না করার কারণ জানতে চাইলে ওসি শিবিরুল ইসলাম বলেন, ডা. জিন্নাহর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। তার শরীরের একপাশ অবশ এক হাত ও এক পা অচল ছিল। এ ছাড়া তার রক্তচাপ ওঠানামা করছিল। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা তাকে গ্রেফতার না করে ফিরে এসেছি।

তবে জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এত বড় অভিযানে কাউকে আটকের পর ছেড়ে দেওয়ার আইনগত এখতিয়ার ওসির নেই। কোনো আসামি অসুস্থ হলে সে বিষয়ে চিকিৎসকের মূল্যায়ন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে। এক্ষেত্রে সিভিল সার্জন ও আদালতের সিদ্ধান্তের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

অভিযানে ২৭ সদস্যের পুলিশ দলের অংশগ্রহণ ক্লিনিকের একাধিক তালা ও দরজা ভাঙা এবং পরে ডা. জিন্নাহকে গ্রেফতার না করে ফিরে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যা দাবি করছেন স্থানীয়রা।