...|...|...

অর্থনীতি

আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, কোনটি কত টাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩১
Shares
আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, কোনটি কত টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে প্রধান চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে জ্বালানি তেলের এই নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) থেকে কার্যকর হয়েছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।

পরিবহন, কৃষি ও শিল্প খাতে ব্যাপক প্রভাব ফেলা চার জ্বালানির নতুন দর অনুযায়ী, এতদিন ১১৫ টাকায় বিক্রি হওয়া প্রতি লিটার ডিজেল এখন ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। এছাড়া পূর্বে ১৩৫ টাকা মূল্যের কেরোসিন ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকায়। আগের ১৪০ টাকা লিটারের পেট্রোল এখন থেকে ১৬০ টাকায় এবং লিটারপ্রতি ১৪৫ টাকার অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ২০২৪ সাল থেকে বিশ্ববাজারের সাথে মিল রেখে ‘স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি’ (Automated Fuel Pricing Mechanism) অনুসরণ করে আসছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, আমদানি ব্যয় এবং শুল্ক-করের হিসাব কষেই এই নিয়মিত সমন্বয় করা হয়ে থাকে।

চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন খরচ বৃদ্ধি পেলেও দেশের বাজারে তা সমন্বয় করা হয়নি। ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বড় অংকের লোকসান গুনতে হয়েছে।

মূলত সেই লোকসান কিছুটা কমিয়ে আনা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে মূল্যের সামঞ্জস্য বজায় রাখতেই জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।