...|...|...

সারাদেশ

ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী

আগেই দেওয়া হয়েছে হাজিরা, অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১২:২৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:২২
Shares
আগেই দেওয়া হয়েছে হাজিরা, অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী

নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ও আগেই হাজিরা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খানপুর এলাকায় অবস্থিত কার্যালয় দুটি পরিদর্শনে যান তিনি। এ সময় দুটি অফিসেই বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। তবে হাজিরা খাতায় তাদের অনেকের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল বলে জানান তিনি।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম, সেবার মান, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যও নেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।’

পরিদর্শনকালে অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। প্রতিমন্ত্রী জানান, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূমি অফিসের কার্যক্রমে শৃঙ্খলা ও জনগণকে যথাযথ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।