নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনজুর হোসেন। সঞ্চালনা করেন সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা জজকোর্টের পিপি আবুল কালাম আজাদ, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মুকুল, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, রূপগঞ্জ থানা বিএনপির সদস্য মোতাহার হোসেন, রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য এনামুল হক, আহ্বায়ক সদস্য একে বাবু, রূপগঞ্জ মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন ও মুড়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু গত ৬ মাসে রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। রূপগঞ্জ উপজেলায় ইতোমধ্যে ৩০০ কোটি টাকার বেশি কাজ হয়েছে। রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। সংসদ সদস্য দিপু ভুঁইয়ার নির্দেশনায় প্রতিদিনই মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।
এর আগে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

