...|...|...

অর্থনীতি

আগস্টের ২৪ দিনে রেমিট্যান্স এল ২৩৪ কোটি ডলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ৮:২১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:২৬
Shares
আগস্টের ২৪ দিনে রেমিট্যান্স এল ২৩৪ কোটি ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ২৪ দিনে প্রবাসী আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ে দেশে ১৯৬ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ ডলার বা ৫ দশমিক ১৯৮ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।

গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪৩৩ কোটি ৯০ লাখ ডলার বা ৪ দশমিক ৩৩৯ বিলিয়ন।

এ হিসাবে চলতি অর্থবছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকা এবং হুন্ডির বিরুদ্ধে কড়াকড়ির কারণে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ফলে চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।