...|...|...

খেলা

আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩২
Shares
আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে খেলোয়াড় কেনাবেচার এই আসর। মজার বিষয় হলো, একই দিনে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হবে।

আগেই নিলামের ভেন্যু নির্ধারণ করা হয়েছিল। এবার তারিখও নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের প্রায় এক মাস আগে খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।

রিটেনশনের সময়সীমা শেষ হলে আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা পাঠাবে। সেই তালিকা থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের বাছাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে দলগুলো। নিলামের আগের সপ্তাহে খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা এবং বিভিন্ন সেটে তাদের অবস্থান প্রকাশ করা হবে।

২০২৬ সালের আসর শেষ হওয়ার পর থেকে আইপিএলের ট্রেড উইন্ডোতে এখন পর্যন্ত মাত্র দুজন খেলোয়াড়ের বিনিময় হয়েছে। নিয়ম অনুযায়ী, একটি মৌসুম শেষ হওয়ার এক মাস পর ট্রেড উইন্ডো চালু হয়। নিলামের এক সপ্তাহ আগ পর্যন্ত এটি খোলা থাকে। পরে পরবর্তী মৌসুম শুরুর এক মাস আগ পর্যন্ত আবারও এই সুযোগ চালু থাকে।

২০২৭ সালের আইপিএল কবে শুরু হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ২০২৪ সালে পরবর্তী তিন মৌসুমের সম্ভাব্য সময়সূচি প্রকাশের সময় ২০২৭ সালের আসরের জন্য ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময় নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। চলতি বছরের সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ইঙ্গিত দিয়েছিলেন, টুর্নামেন্টটি মার্চের শেষ দিকে শুরু হতে পারে।

আইপিএলের বর্তমান চক্রের শেষ মিনি নিলাম হতে যাচ্ছে ২০২৭ সালের এই আয়োজন। ২০২৮ সালের মৌসুমের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এর মধ্য দিয়ে আইপিএলের পরবর্তী মিডিয়া স্বত্বের চক্র শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনো দরপত্র প্রকাশ করেনি বিসিসিআই।

২০২২ সালে আইপিএলের মিডিয়া স্বত্ব ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৬ হাজার ৮২৫ কোটি টাকা। বিপুল অঙ্কের এই আয় আইপিএলকে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া প্রতিযোগিতাগুলোর অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, বছরের শেষ দিকে ভারত ও শ্রীলঙ্কা ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে। ১৩ ডিসেম্বর দিল্লিতে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ১৬ ডিসেম্বর আইপিএলের নিলামের দিন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর আহমেদাবাদে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২২ ডিসেম্বর রাজকোটে। এরপর ২৪ ডিসেম্বর কটকে হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর পুনেতে।