...|...|...

খেলা

আইপিএলের সূচি বদলের প্রস্তাবে মোদির পাশে কেকেআর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫২
Shares
আইপিএলের সূচি বদলের প্রস্তাবে মোদির পাশে কেকেআর

ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমের মধ্যে আইপিএল আয়োজন নিয়ে নতুন করে ভাবার প্রস্তাব উঠেছে। এপ্রিল-মে মাসের পরিবর্তে জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজনের পক্ষে মত দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক ও বলিউড অভিনেত্রী জুহি চাওলা। আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদির দেওয়া সূচি পরিবর্তনের প্রস্তাবেও সমর্থন জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইপিএলের সময়সূচি নিয়ে নিজের মতামত তুলে ধরেন জুহি চাওলা। ইন্ডিয়ার সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে । তার মতে, বছরের সবচেয়ে গরমের সময়টিতে এত বড় একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে ভাবা উচিত।

জুহি মনে করেন, আইপিএলের ব্যাপ্তি ও প্রভাব এখন এতটাই বেড়েছে যে ক্রিকেট ক্যালেন্ডারের সাথে সমন্বয় করার পাশাপাশি টুর্নামেন্টের সুবিধা অনুযায়ী সূচি নির্ধারণের সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইপিএলকে এখন আর ক্রিকেট ক্যালেন্ডারে নিজের জায়গা খুঁজে নিতে হয় না, বরং ক্যালেন্ডারকে প্রভাবিত করার অধিকার এটি অর্জন করেছে। তাহলে কেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি আমরা সবচেয়ে তীব্র গরমে খেলব? যদি সূচি পুনর্বিবেচনা করা হয়, তবে এপ্রিল-মে মাসের পরিবর্তে জানুয়ারি কেন নয়?’

জুহির মতে, জানুয়ারিতে আইপিএল আয়োজন করা হলে আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকবে। এতে ক্রিকেটের মান উন্নত হওয়ার পাশাপাশি খেলোয়াড় ও দর্শকদের জন্যও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে। কারণ, প্রচণ্ড গরমে মাঠে খেলা চালিয়ে যাওয়া যেমন কঠিন, তেমনি গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করাও দর্শকদের জন্য কষ্টকর হয়ে ওঠে।

এদিকে আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আইপিএলের সূচি পরিবর্তনের চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশেষ করে টুর্নামেন্টের শেষ দিকে, ১৫ মের পর বৃষ্টি ও প্রাক্‌-মৌসুমি বর্ষণের আশঙ্কা থাকে। একই সাথে তীব্র গরমে ক্রিকেটার ও দর্শকদের ভোগান্তিও ভাবিয়ে তুলছে বোর্ডকে।

এসব বিষয় মাথায় রেখে আইপিএলের সময়সূচি এগিয়ে আনার প্রস্তাব নিয়ে বোর্ডের গভর্নিং কাউন্সিলে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।