দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
২৯ ও ৩০ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। অনেক লোক পদ্মা সেতুতে জড়ো হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ধৈর্য ও কৌশলের সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের উদ্বেগের কারণ নেই।
ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সব সময় সতর্ক অবস্থানে থাকে। প্রয়োজন অনুযায়ী তাদের মোতায়েন করা হয়, যা নিয়মিত কার্যক্রমেরই অংশ।

