...|...|...

আইন ও আদালত

আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১০:৫১
Shares
আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

সরকার আইনজীবীদের বয়সসীমা নির্ধারণের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবেন না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আগামী দিনে লিগ্যাল প্রফেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সমাজে আইনজীবীদের পেশাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চান, যেখানে গেলে আইনজীবীর দিকে তাকিয়ে যে কেউ মনে করবেন, একজন জ্ঞানী মানুষের কাছে যাচ্ছেন।

তরুণ আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ পেশায় এলে শুধু আইন জানলে হবে না। এর সঙ্গে অর্থনীতি, রসায়ন, নৃবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে।

নীতি ও নৈতিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু শিক্ষা ও জ্ঞানে বড় হলেই চলবে না, নীতি ও নৈতিকতাও মাথায় রাখতে হবে। কেউ ভালো আইনজীবী হয়েও যদি টাকার লোভ করেন এবং কীভাবে মক্কেলের কাছ থেকে অর্থ আদায় করা যায়, সেই চিন্তায় থাকেন, তবে তিনি ভালো আইনজীবীর কাতারে পড়বেন না। তিনি বলেন, এ ধরনের ব্যবসা বন্ধ হওয়া দরকার।