পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে স্বস্তি দেওয়ার পরিবর্তে বিব্রত ও ভীত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী । তার দাবি, সস্তা বাহবা ও কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে দেওয়া এ ধরনের বক্তব্য দেশের জন্য ক্ষতিকর হতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশপ্রধানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, পুলিশের প্রধান সরকারের পক্ষে বিভিন্ন বক্তব্য দিলে তা সরকারকে স্বস্তি দেওয়ার পরিবর্তে অস্বস্তি ও ভীতির পরিস্থিতি তৈরি করতে পারে। আইন প্রয়োগে পুলিশ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করলে সমাজে অপরাধ কমিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাদের নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়া হলে অপরাধ দমনে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং দেশের উৎপাদন ও উন্নয়ন কার্যক্রমে যুক্ত করাই বিএনপির অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, জাতির পুনর্গঠনে তরুণদের বিশৃঙ্খলার পথে না ঠেলে উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।
তারেক রহমানের ‘মানবিক বাংলাদেশ’ গড়ার পরিকল্পনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের কথা বলা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে রিজভী বলেন, সংগঠনটির নেতাকর্মীরা রক্তদান, মানবিক সেবা, বৃক্ষরোপণ ও উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


