দেশের অন্যতম বৃহৎ বিশেষায়িত পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত চিকিৎসাকেন্দ্র জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনায় আহত, হাড় ভাঙা, মেরুদণ্ডের জটিলতা ও বিভিন্ন ধরনের হাড়ের রোগে আক্রান্ত রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু রোগীর ক্রমবর্ধমান চাপের বিপরীতে হাসপাতালের শয্যা, অপারেশন থিয়েটার, চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ জনবল সংকট রয়েছে। ফলে জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে গিয়ে দীর্ঘ হচ্ছে পরিকল্পিত অস্ত্রোপচারের অপেক্ষমাণ তালিকা। কোনো কোনো রোগীকে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করতে হচ্ছে প্রায় এক বছরেরও বেশি সময়। একই সঙ্গে ভর্তি ও রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা এমআরআই করাতেও তৈরি হয়েছে দীর্ঘসূত্রতা।
নিটোরের এই সংকট ও রোগীদের ভোগান্তির চিত্র নিয়েই টাইমস টুডের দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে এক হাজার শয্যার এ হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ২০০ রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন প্রায় ১ হাজার ৬০০ রোগী। জরুরি বিভাগেও প্রতিদিন সাড়ে ৩০০ থেকে ৪০০ রোগী আসেন। এ ছাড়াও, প্রায় ২ হাজার ২০০ জনবল প্রয়োজনের বিপরীতে বর্তমানে প্রায় ২ হাজার কর্মী-কর্মচারী কর্মরত রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক দুর্ঘটনা ও নানা ধরনের আঘাতের রোগী নিটোরে আসায় জরুরি সেবার চাপ সব সময়ই বেশি থাকে। এর বিপরীতে স্পাইন ও জটিল রিকনস্ট্রাকটিভ সার্জারির জন্য প্রয়োজনীয় ওটি, শয্যা, এমআরআই মেশিনের সক্ষমতা এবং জনবল চাহিদার তুলনায় সীমিত। জরুরি রোগীদের জন্য অপারেশন থিয়েটারের বড় একটি অংশ প্রস্তুত থাকে। অন্যদিকে পরিকল্পিত অস্ত্রোপচারের জন্য সপ্তাহের নির্দিষ্ট দিনে সময় বরাদ্দ থাকায় অপেক্ষমাণ রোগীদের সিরিয়াল দীর্ঘ হচ্ছে।
বিশেষ করে স্পাইন, আর্থ্রোস্কোপি, হ্যান্ড সার্জারি, ইলিজারভ, টিউমার বা ক্যান্সার এবং শিশুদের হাড়ের বিকৃতির মতো বিশেষায়িত চিকিৎসায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ জনবলের ঘাটতি রয়েছে।
টাইমস টুডের অনুসন্ধান
হাসপাতালের সক্ষমতা ও রোগীর ভোগান্তির বাস্তব চিত্র দেখতে সরেজমিনে ঘুরে দেখেন এই প্রতিবেদক। প্রমাণ খুঁজতে রোগীদের সাথে ও নিটোরের বহির্বিভাগের একাধিক ব্যবস্থাপত্র পর্যালোচনা করে দীর্ঘ অস্ত্রোপচার ও পরীক্ষার সিরিয়ালের তথ্য পায় টাইমস টুডে।
৬০ বছর বয়সী কুদ্দুস ফরাজি। বাড়ি শরিয়তপুর। কোমরের নিচ থেকে শুরু হয়ে বাঁ পায়ে ছড়িয়ে পড়া তীব্র ব্যথায় ঠিকমতো দাঁড়ানো কিংবা হাঁটার সামর্থ্য নেই তার। ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর নিটোরের বহির্বিভাগের ১৩ নম্বর কক্ষে চিকিৎসা নেন তিনি। মেরুদণ্ডের হাড়ের ক্ষয় ও স্নায়ুর ওপর চাপজনিত সমস্যার কারণে চিকিৎসক অস্ত্রোপচারের পরিকল্পনা করেন। কিন্তু অস্ত্রোপচারের তারিখ পড়েছে ২০২৭ সালের ১৩ জুলাই। জানতে চাইলে তার আত্নীয় ওহিদ ফরাজি বলেন, বাধ্য হয়ে আমি এক দালালের মাধ্যমে ৫ হাজার টাকা দিয়ে ভর্তি করিয়েছি পিজি হাসপাতালে, সেখানে অপারেশন করতেও দ্বিগুণ টাকা ব্যয় করতে হয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা গেছে, মেরুদণ্ডের জটিলতায় আক্রান্ত অনেক রোগীকেই অস্ত্রোপচারের জন্য ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে সেই সিরিয়াল ঠেকেছে ২০২৭ সালের শেষের দিকে। এদিকে, জরুরি ট্রমা ও দুর্ঘটনার রোগীদের অগ্রাধিকার দিতে গিয়ে রুটিন বা ইলেক্টিভ সার্জারির তারিখ পেছানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শয্যা না পেয়ে ফিরছেন বহু রোগী
অস্ত্রোপচারের দীর্ঘ অপেক্ষার পাশাপাশি আন্তঃবিভাগে শয্যা না পাওয়ায় ফিরে যেতে হচ্ছে শত শত রোগীকে। ৩০ বছর বয়সী আশরাফুল রাজশাহী থেকে এসেছেন। সাড়ে তিন মাস আগে ডান পায়ের হাড় ভেঙে যাওয়ার পর তার পায়ে এক্সটারনাল ফিক্সেটর বা ধাতব রড লাগানো হয়। পরবর্তী সময়ে চামড়ার সার্জারি হিসেবে সুরাল ফ্ল্যাপও করা হয়। এখন পায়ের হাড় জোড়া লাগানোর পরবর্তী চিকিৎসায় ইলিজারভ পদ্ধতি প্রয়োগের জন্য তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
কিন্তু ২০২৬ সালের ২৩ নভেম্বর নিটোরের বহির্বিভাগের ৯ নম্বর কক্ষে চিকিৎসা নিতে এসে ভর্তি হতে পারেননি তিনি। তার ব্যবস্থাপত্রে হাসপাতালের একটি নীল রঙের সিল দেওয়া হয়েছে। তাতে লেখা-‘আন্তঃবিভাগে দুর্ভাগ্যবশত বিছানা খালি নাই। ভর্তির জন্য পরবর্তী দিন যোগাযোগ করুন’।
সরেজমিনে দেখা গেছে, একটি বিশেষায়িত হাসপাতালে শয্যা খালি না থাকার মতো পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষের স্থায়ী সিল ব্যবহার করা হচ্ছে। শুধু নতুন রোগী নয়, জটিল অস্ত্রোপচারের প্রস্তুতির জন্য ভর্তি হতে আসা রোগীদেরও শয্যা পেতে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়াও, বর্তমানে অনেক রোগী ভর্তি আছেন কিন্তু অপারেশন করতে এখনও সময় লাগবে ১ মাস।
কর্তৃপক্ষ বলছে, বর্তমান শয্যা যথেষ্ট নয় আরও ৫০০ শয্যা প্রয়োজন হাসপাতালটিতে; শুধু তাই নয় পর্যাপ্ত জনবলেরও ঘাটতি রয়েছে।
৬ মাস পর নির্ধারিত তারিখেও হয়নি পরীক্ষা
শুধু অস্ত্রোপচার ও ভর্তিতেই নয়, রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা এমআরআই করাতেও দীর্ঘসূত্রতা রয়েছে। মো. রিপন মিয়া (১৯), ডান হাঁটুর ব্যথা নিয়ে ২০২৬ সালের ১১ মে নিটোরের বহির্বিভাগের ১৪ নম্বর কক্ষে চিকিৎসা নিতে যান তিনি। চিকিৎসক তাকে ডান হাটুর এমআরআই করার পরামর্শ দেন। কিন্তু পরীক্ষার তারিখ দেওয়া হয় প্রায় ছয় মাস পর, ২০ নভেম্বর। নির্ধারিত দিনে হাসপাতালে গিয়েও এমআরআই করাতে পারেননি রিপন। তাকে নতুন করে ২৪ নভেম্বরের তারিখ দেওয়া হয়।
অর্থাৎ চিকিৎসকের পরামর্শ পাওয়ার পর প্রায় ছয় মাস অপেক্ষা করেও নির্ধারিত দিনে পরীক্ষা করাতে পারেননি তিনি। এতে রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা শুরু করতে বিলম্ব হচ্ছে। দ্রুত পরীক্ষার প্রয়োজন হলে অনেক রোগী বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেন। সেখানে একটি এমআরআই করাতে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
সক্রিয় দালাল চক্র
হাসপাতালে দীর্ঘ অপেক্ষা, ভর্তি না হতে পারা এবং পরীক্ষার জটিলতা রোগীদের একাংশকে বিকল্প চিকিৎসাকেন্দ্র খুঁজতে বাধ্য করছে। আর এই পরিস্থিতিকে কাজে লাগানোর অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।
টাইমস টুডের সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, নিটোরের বহির্বিভাগ ও আশপাশের এলাকায় রোগী ও স্বজনদের লক্ষ্য করে একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ সিরিয়াল কিংবা শয্যা না পাওয়ায় হতাশ রোগীদের দ্রুত ভর্তি, কম খরচে চিকিৎসা এবং দ্রুত পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়। পরে তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
বিশেষ করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও তাদের স্বজনেরা ঢাকার চিকিৎসাব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় সহজেই এসব প্রলোভনের শিকার হতে হচ্ছেন। এতে একদিকে তাদের চিকিৎসার ব্যয় বেড়ে যায়, অন্যদিকে চিকিৎসাপদ্ধতি ও প্রতিষ্ঠানের মান যাচাই না করে সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিও তৈরি হয়।
দীর্ঘ অপেক্ষায় বাড়ছে ঝুঁকি
নিটোরে চিকিৎসা নিতে আসা রোগীদের বড় অংশই বিভিন্ন জেলা থেকে আসা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। তীব্র ব্যথা, পায়ে ফিক্সেটর কিংবা রোগ নির্ণয়ের অপেক্ষা নিয়ে মাসের পর মাস কাটানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘ সময়ে নিয়মিত ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার খরচ বাড়ার পাশাপাশি কাজকর্ম ও আয় বন্ধ থাকায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়ছে। বিশেষ করে শারীরিকভাবে কর্মক্ষমতা হারানো রোগীদের ক্ষেত্রে চিকিৎসার অপেক্ষা শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, পরিবারের জীবিকাতেও প্রভাব ফেলছে।
এ বিষয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান টাইমস টুডেকে বলেন, ১ হাজার শয্যার হাসপাতাল হলেও রোগীর অতিরিক্ত চাপে তাদের হিমশিম খেতে হচ্ছে। ফলে শয্যাগুলো সব সময় পূর্ণ থাকে এবং অনেক রোগীকে শয্যার বাইরেও থাকতে হয়।
তিনি বলেন, বিদ্যমান চিকিৎসক ও জনবল দিয়েই সেবাদান কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে স্বাভাবিক ডিউটির বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। অর্থোপেডিক্সের জটিল সব অস্ত্রোপচার, এমনকি যেসব অস্ত্রোপচারের জন্য রোগীরা বিদেশে যান, সেগুলোও নিটোরে করা হয়। তবে বর্তমান শয্যা সংখ্যা ও জনবল প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। জনবলসহ অন্তত আরও ৫০০ শয্যা বাড়ানো জরুরি।
জটিল ও সুপার স্পেশালিটি অস্ত্রোপচারের দীর্ঘ অপেক্ষার বিষয়ে পরিচালক জানান, হাঁটু বা লিগামেন্টের মতো কিছু অস্ত্রোপচার তাৎক্ষণিকভাবে জরুরি না হওয়ায় এবং পূর্ববর্তী সিরিয়াল ও রোগীর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ বিবেচনায় নিয়ে সময় নির্ধারণ করা হয়। তাড়াহুড়ো করলে রোগীর উপকারের বদলে ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, সাধারণ ট্রমা সার্জন থাকলেও আর্থ্রোস্কোপি, স্পাইন, হ্যান্ড সার্জারি, ইলিজারভ, টিউমার ও ক্যানসার এবং শিশুদের হাড়ের বিকৃতির মতো বিশেষায়িত খাতে জনবলের ঘাটতি রয়েছে। শূন্যপদ পূরণ ও বিশেষজ্ঞ জনবল বাড়ানো গেলে সেবা আরও দ্রুত দেওয়া সম্ভব হবে।
হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা সম্পর্কে ডা. আবুল কেনান বলেন, নতুন ভবন, অপারেশন থিয়েটার ও আরও ৫০০ শয্যা বাড়ানোর প্রস্তাবনা নিয়ে কাজ চলছে। যন্ত্রপাতির সংকট সমাধানেও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

