...|...|...

তথ্যপ্রযুক্তি

অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই নিষিদ্ধ করছে নিউইয়র্ক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:০৩
Shares
অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই নিষিদ্ধ করছে নিউইয়র্ক

নিউইয়র্কের স্কুলে এআই নিষিদ্ধ। ছবি: এআই জেনারেটেড

নিউইয়র্ক সিটির সরকারি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে। নতুন নিয়ম অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত এআই ব্যবহারের অনুমতি থাকবে না। তবে হাইস্কুল পর্যায়ে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শিক্ষার্থীরা এআই ব্যবহার করতে পারবে।

বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের মানসিক স্বাস্থ্য ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ওপর এআইয়ের সম্ভাব্য নেতিবাচক প্রভাব এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই অষ্টম শ্রেণি পর্যন্ত এআই ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হলে নিউইয়র্ক সিটির সরকারি স্কুলে শুধু হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীরাই সীমিত পরিসরে এআই ব্যবহারের সুযোগ পাবে। তবে প্রযুক্তিটি শেখার মতো নির্দিষ্ট শিক্ষামূলক ক্ষেত্রেই এর ব্যবহার সীমাবদ্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রে সাধারণত নবম শ্রেণি থেকে হাইস্কুল শুরু হয়। আর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বয়স সাধারণত প্রায় ১৩ বছর।

নতুন নীতিতে মানসিক সহায়তা দেওয়ার দাবি করা বিভিন্ন এআই ‘কম্প্যানিয়ন চ্যাটবট’ নিষিদ্ধ করার পরিকল্পনাও রয়েছে। তবে শিক্ষকদের জন্য এআই ব্যবহারে কিছুটা ছাড় রাখা হয়েছে। পাঠ পরিকল্পনা তৈরি কিংবা বার্তা লেখার মতো কাজে তারা এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে ডিজিটাল স্ক্রিন ব্যবহারের সময় সর্বোচ্চ ৪৫ মিনিট এবং প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিট সীমিত রাখার সুপারিশ করা হয়েছে।

এর আগে মার্চে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস এআই ব্যবহারের একটি প্রাথমিক কাঠামো প্রকাশ করেছিল। সেখানে ‘ট্রাফিক লাইট’ পদ্ধতিতে এআই ব্যবহারের ক্ষেত্রগুলো ভাগ করা হয়। লাল চিহ্নিত ব্যবহার নিষিদ্ধ, হলুদ ক্ষেত্রে সতর্কতা ও মানব তত্ত্বাবধান প্রয়োজন এবং সবুজ চিহ্নিত ব্যবহার অনুমোদিত ছিল।

তবে ওই কাঠামোকে অনেক অভিভাবক ও শিক্ষক অতিরিক্ত শিথিল বলে মনে করেন। এর পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের মতামত পর্যালোচনা করার কথা জানায়। নতুন নীতিমালা তৈরিতে শিক্ষক, বিশেষজ্ঞ, নির্বাচিত জনপ্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনাও রয়েছে।

প্রায় ৯ লাখের বেশি শিক্ষার্থী নিয়ে নিউইয়র্ক সিটির সরকারি স্কুলব্যবস্থা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড়। তাই শহরটির স্কুলে এআই ব্যবহারের নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলেও গুরুত্বের সাথে দেখা হচ্ছে।