...|...|...

ক্যাম্পাস

অপ্রতীম হত্যা মামলার চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫২
Shares
অপ্রতীম হত্যা মামলার চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর

কুবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে।

শনিবার (২১ নভেম্বর) সকালে অপ্রতীম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামীরা জেলে আছে। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতীম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামীপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।

অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।