...|...|...

রাজনীতি

অপ্রতীমের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৫
Shares
অপ্রতীমের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের

ছবি: সংগৃহীত

কুমিল্লায় ১৩ বছর বয়সী নিখোঁজ শিশু অপ্রতীমের লাশ উদ্ধারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে তাঁর পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ফেসবুক এক পোস্টে সাদিক কায়েম বলেন, কুমিল্লায় ১৩ বছর বয়সী নিখোঁজ শিশু অপ্রতীমের পড়ে থাকা লাশ দেখে যেকোনো বিবেকবান মানুষই বাকরুদ্ধ হয়ে পড়বেন। কিন্তু দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেককে এসব ঘটনা আদৌ নাড়া দেয় কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এখন প্রধানমন্ত্রীর হয়ে কোনো দায়িত্ব সামলাতে কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ের কাজে অযাচিত খবরদারি করতে ব্যস্ত। একই সঙ্গে নিজের ছেলে ও আত্মীয়স্বজনদের কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় বড় সরকারি প্রকল্পের দায়িত্ব দেওয়া কিংবা লাভজনক সরকারি পদে বসানোর চিন্তায়ও তিনি ব্যস্ত থাকতে পারেন বলে মন্তব্য করেন সাদিক কায়েম।

সাদিক কায়েমের অভিযোগ, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক খুন ও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নারী, শিশু, বৃদ্ধ—কেউই যেন নিরাপদ নয়। একই দিনে মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ এক প্রবাসীর লাশ উদ্ধারের ঘটনাও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘এই ব্যর্থ সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রী’ আখ্যা দিয়ে সাদিক কায়েম বলেন, ‘আমরা তো এমন বাংলাদেশ চাইনি।’

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ২০২৪ সালে তারা লড়াই করেছেন। সেই নিরাপত্তা দিতে না পারলে সময় থাকতেই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটিকে তিনি ‘গণদাবি’ বলেও উল্লেখ করেন।